অধ্যক্ষ লাঞ্ছিত, বখাটে গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে মাহবুব হোসেন (১৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার নাইঘর গ্রামের বাড়ি থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। মাহবুব হোসেন উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন।কলেজ সূত্রে জানা গেছে, মাহবুব প্রায়ই মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ ও ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে কয়েকজন বখাটে বন্ধু নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। কয়েক দিন আগে ওই কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে মাহবুবকে আটক করে শিক্ষার্থীরা। পরে অভিভাবক পর্যায়ে বিষয়টি মিটমাট করা হয়। ২৪ জুলাই মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র গোলাম ছামদানির সঙ্গে ওই কলেজের পোশাক পরে কলেজে প্রবেশ করেন মাহবুব। ওই দিন আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করে লাথি মারেন তিনি। এ ঘটনায় ছামদানি ও মাহবুবকে আটক করে কলেজের শিক্ষার্থীরা। মাহবুবকে সহায়তার অভিযোগে ছামদানিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এলাকার মুরব্বিদের অনুরোধে মুচলেকা দিয়ে মাহবুবকে ছেড়ে দেওয়া হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কলেজে যাওয়ার পথে অধ্যক্ষ মো. আলতাফ হোসেনকে চড় ও ঘুষি দেন মাহবুব। খবর পেয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষকে উদ্ধার করেন। পরে তাঁরা মাহবুবকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ ব্যাপারে ওই দিনই ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন অধ্যক্ষ আলতাফ। বিকেলে গ্রামের বাড়ি থেকে মাহবুবকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ূন কবির বলেন, বখাটে মাহবুবকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ‘ছাত্রী উত্ত্যক্তের ব্যবস্থা নেওয়ায় মাহবুব আমার ওপর হামলা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’ মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, শিক্ষাঙ্গনের সামনে এসে বখাটেপনা করবে আর অধ্যক্ষের গায়ে হাত তুলবে, তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সে কারণেই মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে।