অধ্যক্ষ লাঞ্ছিত, মামলা না নেওয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। এদিকে অধ্যক্ষ তাঁর ওপর হামলাকারী ছাত্রের বাবা ও ভগ্নিপতিকে আসামি করে গত বুধবার দুপচাঁচিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে জানা গেছে।মাদ্রাসা সূত্র জানায়, বুধবার সকালেও জাতীয় সংগীতের সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে দশম শ্রেণীর রাব্বি হাসান উচ্চ শব্দে হেসে উঠলে অধ্যক্ষ তাকে ডেকে চড় মারেন ও কান ধরে উঠবস করান। রাব্বি মুঠোফোনে এ ঘটনা অভিভাবকদের জানায়। এর কিছুক্ষণ পরই তার বাবা ইদ্রিস আলী ও ভগ্নিপতি আবদুল মান্নান মাদ্রাসায় ঢুকে অধ্যক্ষকে মারধর করেন।এ ঘটনায় অধ্যক্ষ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পুলিশের মামলা না নেওয়া এবং কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদে গতকাল সকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তালোড়া বাজার প্রদক্ষিণ করে তালোড়া-দুপচাঁচিয়া রাস্তা অবরোধ করে সেখানে প্রতিবাদ সভা করে। এখান থেকে বক্তারা অভিযুক্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।উপাধ্যক্ষ বলেন, ‘অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা ক্ষুব্ধ। আগামী রোববারের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’দুপচাঁচিয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও তালোড়া পৌরসভার অতিরিক্ত প্রশাসক আমিরুল ইসলামের সঙ্গে কথা বলে এ মামলা নেওয়া হবে।