অধ্যক্ষ লাঞ্ছিত প্রতিবাদে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন না করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন নিয়োগপ্রত্যাশী সাইফুল ইসলাম ওরফে সুমন নামের এক যুবক। অধ্যক্ষের কার্যালয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অভিযুক্ত সাইফুল ইসলাম বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে বলে জানা গেছে।

অধ্যক্ষ কামাল হোসেন ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল অধ্যক্ষ তাঁর কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় সাইফুল এসে প্রভাষক নিয়োগ সম্পন্ন করছেন না কেন, তা জানতে চান। বিষয়টি ব্যবস্থাপনা কমিটির নিয়ন্ত্রণে থাকায় অধ্যক্ষ তাঁকে কমিটির লোকদের সঙ্গে কথা বলতে বলেন। কথা বলার একপর্যায়ে সাইফুল অধ্যক্ষের ওপর চড়াও হন। অন্য শিক্ষকেরা ছুটে এলে তাঁদের গুলি করার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর অভিযুক্তের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

প্রায় চার মাস আগে কলেজে ইংরেজি, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস বিভাগে একজন করে প্রভাষক, সহকারী লাইব্রেরিয়ান ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সাইফুল ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে আবেদন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না পাওয়ার যথাসময়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। আগের আবেদনকারীদের বহাল রেখে ২৭ জুলাই ওই পদের বিপরীতে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

সাইফুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটির সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।