অধ্যক্ষ লাঞ্ছিত মোটরসাইকেল ছিনিয়ে নিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতা তমিজ উদ্দিন লোকজন নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার চককালিকাপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল বারীকে লাঞ্ছিত করেছেন। এ সময় তাঁরা অধ্যক্ষের মোটরসাইকেল ও কার্যালয়ের চাবি নিয়ে গেছেন।আবদুল বারী বলেন, ‘উপজেলার চামারি ইউনিয়নের চককালিকাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তমিজ উদ্দিন কয়েক দিন ধরে আমাকে টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। অবশেষে লাঞ্ছিত করে ছাড়লেন। আমি বৃহস্পতিবার রাতেই তাঁকেসহ ছয়জনের বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও থানার ওসি কাছে লিখিত অভিযোগ করেছি। দেখা যাক, তাঁরা কী ব্যবস্থা নেন।’তমিজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অধ্যক্ষের কাছে টাকা পাব। তাই তাঁর মোটরসাইকেলটি নিয়ে এসেছি।’ তবে পাওনা টাকার কোনো লিখিত প্রমাণ তিনি দেখাতে পারেননি।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তমিজ উদ্দিন ও তাঁর পাঁচ ক্যাডার অধ্যক্ষের কার্যালয়ে যান। তাঁরা আবদুল বারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অধ্যক্ষ তাঁদের টাকা দিতে অসমঞ্চতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা অধ্যক্ষকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও হত্যার হুমকি দেন। এ সময় অধ্যক্ষের কাছ থেকে কার্যালয়ের চাবি ও তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নেন।