অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তিকে কেন্দ্র করে কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছিত ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করা হয়েছে।একই সঙ্গে শিক্ষকেরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ওই প্রতীকী কর্মবিরতি পালন করা হয়। ওই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে কলেজে আসেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিসিএস শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক কুণ্ডু গোপীদাস। ওই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল রঞ্জন রায়।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে উদ্দেশ করে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বদিউজ্জামান কর্মবিরতির সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘটনার সময় একজন শিক্ষক জীবন বাঁচাতে প্রথমে টেবিলের নিচে, পরে শৌচাগারে গিয়ে আশ্রয় নেন। এর পরও উচ্ছৃঙ্খল ছেলেরা সেখানে গিয়ে হামলা চালায়। আমরা অসহায়ের মতো এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড মেনে নেব, তা হতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার।’জবাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘ভর্তি-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে। এতে মেধাক্রম অনুযায়ীই শিক্ষার্থীরা ভর্তি হবে। এ ক্ষেত্রে রাজনীতি, অর্থ, প্রভাব, স্বজনপ্রীতি বা অন্য কোনো কিছু করার সুযোগ নেই। শিক্ষকদের অসম্মান করে কেউ বড় হতে পারে না। শিক্ষকদের যারা অপমান করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।’এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবতোষ নাথ বলেন, ‘এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করার পর শিক্ষকেরা ক্লাসে ফিরে গেছেন। বিষয়টি আমরা বিসিএস শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও জেলা শাখার নেতা-কর্মীদের অবহিত করেছি।’