অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় ছাত্রকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের ওপর হামলাকারী এক ছাত্রকে কলেজ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি। একই সঙ্গে আগামীকাল বুধবার উপজেলা চত্বরে প্রতিবাদ শোভাযাত্রা ও স্থানীয় সাংসদকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন সমিতির নেতারা। গতকাল সোমবার বেলা দুইটায় বাকশিস ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়। উপজেলার আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে কমিটির সহসভাপতি এ কে এম হুমায়ুন কবির ভূঁঞার সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশে বখাটে শিক্ষার্থী মাহবুব আলমকে সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।সাহেবাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম হুমায়ুন কবির ভূঁঞা বলেন, ‘মাহবুব আলম আমাদের কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কলেজ প্রশাসন তদন্ত সাপেক্ষে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ উল্লেখ্য, ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত শনিবার সকাল সাড়ে নয়টায় মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করে মাহবুব।ইভ টিজিংয়ের প্রতিবাদে শোভাযাত্রা: ইভ টিজিংয়ের প্রতিবাদে গতকাল বেলা ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলায় শোভাযাত্রা হয়েছে। মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের উদ্যোগে ওই শোভাযাত্রা বের হয়।