অধ্যক্ষ স্বাক্ষর না করায় বেতন-বোনাস পাননি ৫৪ শিক্ষক-কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা ও ঈদ বোনাস পাননি বরগুনার আমতলী সরকারি কলেজের ৫৪ জন শিক্ষক-কর্মচারী। ফলে ঈদ উৎসব অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের পরিবারের। শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ বেতন-ভাতার ভাউচারে স্বাক্ষর না করায় তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না।

শিক্ষকদের সূত্র জানায়, আমতলী সরকারি কলেজে ৫৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতা ও ঈদুল আজহার উৎসব ভাতা বাবদ ১৩ লাখ ৮৪ হাজার ৩২০ টাকা তাঁদের অনুকূলে ব্যাংকে জমা হয়।

শিক্ষকেরা অভিযোগ করেন, অধ্যক্ষ মাসুদ রেজা রহস্যজনক কারণে এসব শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতার ভাউচারে স্বাক্ষর না করে গত বুধবার কর্মস্থল ত্যাগ করেন। এতে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ও ঈদের বোনাসের অর্থ তুলতে পারছেন না।

কলেজের অধ্যক্ষ মো. মাসুদ রেজা বলেন, ‘আমি বারবার কার্য সহকারী সেলিম মিয়াকে বেতন-ভাতার ভাউচার নিয়ে আসার জন্য অনুরোধ করেছি। কিন্তু তিনি রহস্যজনক কারণে না আসায় বিলে স্বাক্ষর করতে পারিনি।’