অধ্যক্ষকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর শেরেবাংলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে অপসারণ করেছে কলেজ পরিচালনা কমিটি। তবে অধ্যক্ষের দাবি, কলেজ পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ওই কমিটির নেই।গত ২৬ জুলাই প্রথম আলোয় ‘শেরেবাংলা টিচার্স ট্রেনিং কলেজ, শিক্ষকদের বেতন ঠিকমতো হয় না, ব্যাহত হচ্ছে পাঠদান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই টনক নড়ে কলেজ পরিচালনা কমিটির। গত ৩০ জুলাই অধ্যক্ষের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়।এ বিষয়ে কমিটির সভাপতি আবদুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ কলেজ পরিচালনা কার্যকরী কমিটির তোয়াক্কা করতেন না। মাসিক আয়-ব্যয়ের হিসাব দিতেন না। তাঁর স্বেচ্ছাচারিতায় শিক্ষকেরা একে একে কলেজ ছেড়ে চলে যাচ্ছিলেন। এসব কারণ বিবেচনা করে ৩০ জুলাইয়ের সভায় অধ্যক্ষকে অপসারণ করা হয়। গত সোমবার রাতে তাঁর হাতে অপসারণসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।যোগাযোগ করা হলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অপসারণের বিষয়টি ঠিক নয়। এটি তাঁর বিরুদ্ধে অপপ্রচার। তিনি বলেন, ‘ওই কমিটির মেয়াদ নেই। এ কারণে কমিটি আমাকে অপসারণ করতে পারে না। মেয়াদহীন কমিটির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।’ অধ্যক্ষ প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের কিছু তথ্যের প্রতিবাদ জানান।