অধ্যক্ষকে অবরুদ্ধ করার প্রতিবাদে ভৈরবে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবের আপ্তাবুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এই প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকেরা গতকাল শনিবার দুপুরে পৌর সদরে মিছিল করেছেন। মিছিলে এলাকাবাসীর কয়েকজনও যোগ দেয়।ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আ. করিমের সঙ্গে বেশ কিছুদিন ধরে অধ্যক্ষ মো. তাওহীদ উল ইসলামের সম্পর্ক ভালো যাচ্ছে না। ংঅধ্যক্ষ প্রাতিষ্ঠানিক কাজে গত বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজারে সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে যান। অভিযোগ উঠেছে, এ সময় অধ্যক্ষকে একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখেন সভাপতি। অধ্যক্ষের কাছ থেকে জোর করে অব্যাহতিপত্রে সইও নেন সভপতি। এ ঘটনায় ওই দিনই মাদ্রাসার অধ্যক্ষ ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি ছাত্র-শিক্ষকের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। গতকাল তাঁরা রাস্তায় নেমে আসেন।অধ্যক্ষ মো. তাওহীদ উল ইসলাম বলেন, ‘আ. করিম এডহক (অস্থায়ী) কমিটির সভাপতি। নিয়ম অনুযায়ী আগামী জানুয়ারিতে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এ প্রসঙ্গ ওঠানোয় তিনি আমার প্রতি ক্ষুব্ধ হন এবং নির্বাচন দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া মাদ্রাসার সম্পত্তি নিয়েও তাঁর সঙ্গে মাদ্রাসার বিরোধ চলছে। এসব কারণে সভাপতি আমাকে চাচ্ছেন না। তাই আমাকে আটকে রেখে জোর করে অব্যাহতিপত্রে সই নেন।’জোর করে অব্যাহতিপত্রে সই নেওয়ার অভিযোগ অস্বীকার করে আ. করিম বলেন, ‘অধ্যক্ষ তাঁর বিভিন্ন ব্যর্থতার কথা স্বীকার করে স্বেচ্ছায় আমার কাছে এসে অব্যাহতিপত্র জমা দিয়েছেন। তা ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রশাসনিকভাবে তদন্তও হয়েছে। বর্তমানে বিশেষ একটি মহলের ইন্ধনে অধ্যক্ষ আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছেন।’