অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ
‘বিতর্কিত’ এক শিক্ষককে কলেজে যোগদান করতে না দেওয়ার দাবিতে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেছে। গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিতর্কিত ওই শিক্ষকের নাম খন্দকার সিরাজুল ইসলাম। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ৫ ডিসেম্বর তাঁকে পাবনা থেকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে বদলি করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক খন্দকার সিরাজুল সম্প্রতি পাবনা শহরে অনৈতিক কার্যকলাপের সময় জনতার হাতে ধরা পড়েন। পরে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে পাবনা থেকে বদলি করা হয়। কিন্তু তিনি মন্ত্রণালয়ে ‘প্রভাব খাটিয়ে’ ঈশ্বরদী সরকারি কলেজে বদলি হয়ে আসার প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ওই শিক্ষকের বদলি আদেশ বাতিল করেছেন বলে স্থানীয় নেতারা তাঁকে অবহিত করেছেন।
শিক্ষক খন্দকার সিরাজুল গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, একটি চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বর্তমানে আমি ঢাকায় আছি।’