পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় গত বৃহস্পতিবার রাতে অধ্যক্ষকে তাঁর কক্ষে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ কক্ষের তালা ভেঙে তাঁকে উদ্ধার করে।সুযোগ-সুবিধা না বাড়িয়ে সেশন ফি বৃদ্ধি ও প্রয়োজনীয় বিষয় চালু না করার প্রতিবাদে গত বুধবার থেকে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক দিন ঢাকায় অবস্থান শেষে অধ্যক্ষ মো. বাসেদ মিয়া পাবনায় ফিরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলেজে আসেন। তিনি নিজের কক্ষে ঢোকার পর শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো জানান। কিন্তু তিনি দাবি মেনে নিতে রাজি না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে অধ্যক্ষকে উদ্ধার করেন।