অধ্যক্ষকে আ.লীগ নেতার হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে চোখ তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুঠোফোনে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা এ হুমকি দিয়েছেন এ কথা উল্লেখ করে ওই অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, উপজেলার আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমানকে গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান বেলায়েত হোসেন এ হুমকি দেন।কলেজসূত্রে জানা গেছে, সমপ্রতি ওই কলেজে একজন উপাধ্যক্ষ, মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা, অর্থনীতি, ভূগোল ও দর্শন বিভাগে একজন করে প্রভাষক, তিনজন কর্মচারীসহ নয়টি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। গত ২৩ মার্চ পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশিত হয়। আবেদন করার শেষ তারিখ ছিল ১০ এপ্রিল। উপাধ্যক্ষ পদে উপজেলা চেয়ারম্যান তাঁর এক প্রার্থীকে নেওয়ার জন্য অধ্যক্ষের ওপর চাপ দিয়ে আসছিলেন। এ নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে কার মাধ্যমে পাঠানো হবে এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের সৃষ্টি হয়।কলেজের অধ্যক্ষ জানান, শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান আমার মুঠোফোনে ফোন করে কলেজের নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপপরিদর্শক হিসেবে কর্মরত তাঁর (উপজেলা চেয়ারম্যান) স্ত্রী সালেহা বেগম কিংবা কলেজের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য সোহেল আহমেদের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রস্তাব দেন। এ প্রস্তাব নাকচ করে দিয়ে আমি বলি, গুরুত্বপূর্ণ এ কাগজগুলো নিয়ম অনুযায়ী কলেজের এক শিক্ষকের মাধ্যমে কিংবা রেজি. ডাকে পাঠানো হবে। এ কথায় উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওই হুমকি দেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাকির হোসেন জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ সত্য হলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব। আবার মিথ্যা হলে অধ্যক্ষের বিরুদ্ধে প্রক্রিয়া চলবে, মিথ্যা তথ্য দিয়ে আমাদের হয়রানি করার জন্য।আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘শনিবার সকালে ওই অধ্যক্ষের সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। তবে আমি ওই জাতীয় কোনো কথা বলিনি। চোখ তুলে নেওয়ার হুমকি কোনো ভদ্রলোক দিতে পারেন না। আমি ওই জাতীয় কথা বলার লোক নই।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, একটি নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষকে দেখে নেওয়া ও চোখ তুলে নেওয়ার হুমকি দিয়েছে বলে আমি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।