অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদে গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদে গাড়ি ভাঙচুর করেছে ছাত্ররা। এ অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে মাঝকান্দি-বোয়ালমারী আঞ্চলিক সড়কে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী ফাজিল মাদ্রাসার সামনে।বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার অধ্যক্ষ বাইখীর গ্রামের মুস্তাফিজুর রহমানকে (৫৫) গত মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী বায়তুলহাম কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াজ শোনার সময় আটক করে পুলিশ। তিনি মুস্তাফিজুর ২০১১ সালের ৯ নভেম্বর দায়ের করা বোয়ালমারী জর্জ একাডেমিতে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গতকাল বুধবার জেলার মুখ্য বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ওই মাদ্রাসার ছাত্ররা মাঝকান্দি-বোয়ালমারী সড়কে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ভাঙচুর করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ওই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ইব্রাহিম শেখ (১৬) ও ফাজিল প্রথম বর্ষের ছাত্র মো. নাজমুল ইসলামকে (২২) মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আটক করা হয়েছে।