অধ্যক্ষকে তালাবদ্ধ করে রাখলেন অন্য শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে তাঁর নিজ কক্ষে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকেরা। প্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, অধ্যক্ষ মো. ময়েজউদ্দিন গতকাল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন তালিকায় সই নেওয়ার জন্য তাঁর নিজ কক্ষে ডেকে নিয়ে আসেন। পাশাপাশি তিনি কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। বিষয়টি শিক্ষার্থীরা অন্য শিক্ষকদের জানালে সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শফিউল ইসলাম অধ্যক্ষের কক্ষে গিয়ে সাদা কাগজে স্বাক্ষরের বিষয়টি জানতে চান, কিন্তু অধ্যক্ষ সই নেওয়ার কথা অস্বীকার করেন। শিক্ষকেরা তাঁর হাতে থাকা সাদা কাগজটি দেখতে চাইলে অধ্যক্ষ কাগজটি দেখাতে অস্বীকৃতি জানান। এ সময় শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের তর্ক শুরু হয়। একপর্যায়ে শিক্ষক শফিউল ইসলাম সাদা কাগজের কিছু অংশ ছিঁড়ে নিয়ে আসেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা অধ্যক্ষের ওপর ক্ষিপ্ত হয়ে উঠলে শিক্ষকেরা অধ্যক্ষকে তাঁর কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যক্ষ তালাবদ্ধ অবস্থা থেকে মুক্ত হন।অধ্যক্ষ ময়েজউদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিষ্ঠানের কিছু শিক্ষক আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তালাবদ্ধ করে রেখেছিলেন। শিক্ষার্থীদের ফুসলিয়ে আমার বিরুদ্ধে স্লোগান করিয়েছেন। প্রভাষক শফিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান আমাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেছেন।’ তিনি এ ঘটনার জন্য প্রভাষক মুজিবুল হক, সহকারী শিক্ষক সোহরাবউদ্দিন ও সামসুল কাইয়ুমকে দায়ী করেন।প্রভাষক মুজিবুল হকসহ ওই শিক্ষকেরা অধ্যক্ষের আনা অভিযোগ অস্বীকার করেছেন।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার টেলিফোনে জানান, বিষয়টি দুঃখজনক। আগামী সোমবার অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে সভার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সভা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।