অধ্যক্ষকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রতিহিংসার কারণে পটুয়াখালীর বাউফল ডিগ্রি কলেজের বিএনপি-সমর্থিত অধ্যক্ষ এ টি এম আবদুল লতিফকে প্রায় চার বছর ধরে তাঁর কার্যালয়ে ঢুকতে ও কলেজের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক জানান, ২০০৬ সালের ২৬ জুলাই আবদুল লতিফ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পরই তাঁকে কলেজ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে আছেন। এলাকার সবাই দেখছেন। অথচ তাঁকে নিখোঁজ বলা হচ্ছে। অধ্যক্ষ থাকাকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কাজ চলছে।গত মঙ্গলবার সকালে অধ্যক্ষ আবদুল লতিফ জানান, তিনি পরিবার নিয়ে কলেজ অধ্যক্ষের বাসভবনে অবস্থান করছেন। অথচ কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ও সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ তাঁকে নিখোঁজ দেখিয়ে প্রথমে একই কলেজের উপাধ্যক্ষ আবদুস ছাত্তার ও বর্তমানে সহকারী অধ্যাপক শামসুল আলম বেপারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এর আগে তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। এতে তিনি রাজি না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কলেজের উপাধ্যক্ষ আবদুস ছাত্তারের নেতৃত্বে বহিরাগত লোকজন ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি তাঁর (অধ্যক্ষের) কক্ষে তালা লাগিয়ে দেন। এরপর চাপের মুখে শিক্ষক পরিষদের মাধ্যমে ১১ ফেব্রুয়ারি উপাধ্যক্ষ আবদুস ছাত্তার অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এ ঘটনায় তিনি পটুয়াখালী দ্রুত বিচার আদালতে একটি মামলা করেছেন।কলেজ কার্যালয় সূত্রে জানা যায়, উপাধ্যক্ষ আবদুস ছাত্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষের দায়িত্ব চেয়ে আবেদন করেছেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এক চিঠিতে কলেজের দায়িত্ব অধ্যক্ষ এ টি এম আবদুল লতিফকে পালন করার আদেশ দেন। এর পরও তাঁকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। বরং চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত উপাধ্যক্ষ আবদুস ছাত্তার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। এ সময়ের মধ্যে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তিনি অবসরে যাওয়ার পরও আবদুল লতিফকে তাঁর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় একই কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম বেপারীকে। ইতিমধ্যে উপাধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আবদুস ছাত্তার বলেন, বিধিসম্মতভাবে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন এবং তাঁর মেয়াদকালে সব নিয়োগ বৈধ বলে দাবি করেন। আ স ম ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, অধ্যক্ষ নিখোঁজ। তাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কলেজ পরিচালনা করা হচ্ছে।