অধ্যক্ষকে পাশ কাটিয়ে সহকারী অধ্যাপকের আবেদনপত্রে সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের আবেদনপত্রে কলেজের অধ্যক্ষের সই করার কথা। কিন্তু কুমিল্লার মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজের পরীক্ষার্থীদের আবেদনপত্রে সই করেছেন সহকারী অধ্যাপক। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১২ সালের এইচএসসি পরীক্ষার জন্য অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে দুই দফায় ৮৫৭ জন শিক্ষার্থীর নাম জমা দেওয়া হয়। এর মধ্যে ২৭ ডিসেম্বর ৭৯০ জন ও ২ জানুয়ারি ৬৭ জন শিক্ষার্থীর আবেদনপত্র জমা দেন কলেজের অফিস সহকারী জাকির হোসেন। কিন্তু এসব আবেদনে কলেজের অধ্যক্ষের সই নেই। সই করেছেন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর। শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায় বলেন, ‘ওই কলেজে একজন অধ্যক্ষ রয়েছেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতাও। তাঁর অনুমতি না নিয়ে আবেদনপত্রে একজন সহকারী অধ্যাপকের সই করাটা শিষ্টাচারবহির্ভূত।’ জানতে চাইলে সহকারী অধ্যাপক আলী আজগর প্রথম আলোকে বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের নির্দেশে তিনি অধ্যক্ষকে না জানিয়ে আবেদনপত্রে সই করেছেন। এ ব্যাপারে কথা বলতে জাহাঙ্গীর আলম সরকারের মুঠোফোনে গত রাতে কল করলে ওপাশ থেকে কেউ একজন বলেন, ‘উনি মিটিংয়ে আছেন। ১০ মিনিট পরে ফোন করেন।’ ১০ মিনিট পর ফোন করলে আরেকজন রিসিভ করে বলেন, ‘উনি মাহফিলে আছেন। এখন কথা বলা যাবে না।’যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ১৯৯৫ সাল থেকে তিনি এই কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। একটি কুচক্রী মহল কলেজের সুনাম নষ্ট করতে কয়েকজন শিক্ষককে ব্যবহার করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তিনি বলেন, এইচএসসির আবেদনপত্রে সই করার কোনো এখতিয়ার আলী আজগরের নেই। বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, পুনরায় বিধি মোতাবেক অধ্যক্ষের সই করা আবেদনপত্র গ্রহণ করতে বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রেজাউল আহসান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকার ওই কলেজের সভাপতি হওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও হতে পারেননি।