অধ্যক্ষকে পেটানোর ঘটনায় আ.লীগের নয় নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
চাঁদপুরের হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবির ও কলেজের শিক্ষার্থী মো. রাশেদ খানকে পিটিয়ে আহত করার ঘটনায় রোববার গভীর রাতে আওয়ামী লীগের নয় নেতা-কর্মীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অধ্যক্ষ মো. আজহারুল কবির বাদী হয়ে মামলাটি করেন। গোপনভাবে অধ্যক্ষ পদে নিয়োগ লাভের অভিযোগ এনে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন দলবল নিয়ে রোববার দুই দফায় অধ্যক্ষ ও শিক্ষার্থীর ওপর হামলা চালান। মামলায় আসামিরা হলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, কলেজের সাবেক অধ্যক্ষ মো. মীর হোসেন, আওয়ামী লীগের নেতা শাহাদাৎ হোসেন, ফারুক চৌধুরী, কামরুল ইসলাম, মনছুর ওরফে মুন্সী মিয়া, মো. হাছান, মো. শরিফ ও গিয়াস উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন। অধ্যক্ষ মো. আজহারুল কবির বলেন, রোববার সকালে গিয়াস উদ্দিন কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে অধ্যক্ষ পদে কীভাবে নিয়োগ পেলাম জিজ্ঞাসা করে গিয়াসউদ্দিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এই নিয়োগ সম্পর্কে জানব না কেন? এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে আমাকে গলা টিপে ধরে মেরে ফেলতে চান এবং তাঁর সঙ্গে থাকা লোকজন এলাপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আমি কলেজে আমার কক্ষে ঢুকে আত্মরক্ষা করি। তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অধ্যক্ষকে মারধর প্রসঙ্গে মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, ‘কলেজের অধ্যক্ষ পদ নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে মামলা চলছে। আজহারুল কবির এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি কীভাবে কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন? এ বিষয় এলাকাবাসী কেউ কিছু জানে না। এমনকি আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েও কবে তিনি অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন জানতে পারলাম না। এ নিয়ে তাঁর সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে।’