অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুরকে নিজ কার্যালয়ে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছেন কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতা।
এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অন্তত ৪০ মিনিট অবরোধ করে রাখেন তাঁরা।
নেতাদের সুপারিশ অনুযায়ী কিছু ছাত্রকে ভর্তি করাতে রাজি না হওয়ায় ছাত্রলীগের নেতা আশরাফুল হক ওরফে হেভেন ও জাহাঙ্গীর আলম রানার নেতৃত্বে গত সোমবার দুপুরে এই সশস্ত্র মহড়া পরিচালনা করা হয়। জাহাঙ্গীর আলম ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আর আশরাফুল সদস্য।
ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে কলেজ শিক্ষক পরিষদ জরুরি সভা ডেকেছে। গতকাল মঙ্গলবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ শ্রেণির ভর্তি শুরুর আগে থেকে নেতাদের সুপারিশে ভর্তির সুযোগ রাখার জন্য ছাত্রলীগের নেতারা নানাভাবে অধ্যক্ষকে চাপ দিয়ে আসছিলেন। সোমবার ছিল ভর্তির শেষ দিন। নেতাদের সুপারিশের ভর্তিগুলো না হওয়ায় ছাত্রলীগ ক্ষুব্ধ হয়।
বেলা দেড়টার দিকে আশরাফুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। আশরাফুল অধ্যক্ষের দিকে তাক করে একটি কাটা রাইফেল টেবিলের ওপর রেখে ভর্তি না হওয়ার কারণ জানতে চান। অন্যরা কক্ষের আসবাব ও কাগজপত্র তছনছ করেন।
এ সময় কক্ষে বেশ কয়েকজন শিক্ষক ছিলেন। ছাত্রলীগের নেতারা কক্ষটির দরজা বন্ধ করে দিলে সবাই অবরুদ্ধ হয়ে পড়েন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুর বলেন, ‘শুরু থেকে অবৈধ ভর্তির চাপ ছিল। তাদের (ছাত্রলীগ) কথায় নত হইনি। ঘটনার দিন তালিকার বাইরে ছাত্র ভর্তির সুযোগ নেই বলতেই তারা টেবিলে অস্ত্র রেখে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
মুঠোফোনে আশরাফুল বলেন, ‘আমার দাবি ছিল একজন ছাত্র ভর্তির। অধ্যক্ষ দাবিটি রাখেননি। তা ছাড়া ভর্তি ফি এক হাজার ৭০০ টাকার পরিবর্তে দুই হাজার ৪০০ টাকা আদায় করায় আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম।’ অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর কথা অস্বীকার করেন তিনি।
ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, আশরাফুল ও জাহাঙ্গীর দুজনই ছাত্রলীগের নেতা। ভর্তি নিয়ে অধ্যক্ষের সঙ্গে তাঁদের ভুল-বোঝাবুঝি হয়েছিল।