নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। গতকাল শনিবার শিক্ষার্থীরা ক্লাস ও চারটি অনুষদের মধ্যবর্তী (মিড টার্ম) পরীক্ষা বর্জন করেন।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলমকে আকস্মিক অন্যত্র বদলি করার ঘটনায় ক্ষুব্ধ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা গত বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস বর্জন করেন। ওই দিন দুপুরে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দেন। একই সঙ্গে তাঁরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। গতকাল শনিবার প্রতিষ্ঠানের কম্পিউটার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন, ফুড টেকনোলজি ও এনভায়রনমেন্টাল টেকনোলজি অনুষদের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের মধ্যভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ইনস্টিটিউটের সমন্বিত বিষয় (ননটেক) বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল আলম বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে কয়েকটি অনুষদের মধ্যভাগের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।’ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) খোরশেদ আলমকে কোনো কারণ ছাড়াই অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও কর্মচারী জানান, মাস খানেক আগে প্রতিষ্ঠানের গুদামরক্ষক মাসুদুর রহমানকে বিভিন্ন মালামাল চুরির অপরাধে মহা-পরিচালক বরাবর অভিযোগ দিয়ে অন্যত্র বদলি করানো হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কর্মচারী তাঁর এক নিকটাত্মীয়র মাধ্যমে উপাধ্যক্ষ খোরশেদ আলমকে নওগাঁ থেকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করান। সূত্র জানায়, গুদামরক্ষক মাসুদুর রহমানের ওই আত্মীয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক।এ ব্যাপারে একাধিকবার মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম বলেন, ‘এখনো বদলিসংক্রান্ত কোনো কাগজপত্র হাতে পৌঁছেনি। তবে কারিগরি শিক্ষা বিভাগীয় মহাপরিচালকের দপ্তর থেকে টেলিফোনে আমাকে অন্যত্র বদলি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি জেনে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি পালন করছে।’