দেড় মাস ধরে ছাত্রলীগের লাগাতার আন্দোলনের মুখে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামতউল্লাহকে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ৮ জুলাইয়ের মধ্যে তাঁকে চট্টগ্রাম হাজি মোহামঞ্চদ মুহসীন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করতে বলা হয়েছে। নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস। অধ্যক্ষ ছালামতউল্লাহর বদলির খবর কলেজে পৌঁছার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা উল্লাসে করেন।আজিজুল হক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু জাফর মো. মাহমুদুন্নবী জানান, অধ্যক্ষ ছালামত-উল্লাহর জামায়াত-শিবিরপ্রীতির কারণে এ কলেজে ছাত্রলীগের রাজনীতি হুমকির মুখে পড়েছিল। তাঁকে প্রত্যাহার করে নেওয়ায় শুধু ছাত্রলীগের নয়, কলেজের ৪২ হাজার শিক্ষার্থীর বিজয় হয়েছে। অধ্যক্ষ ছালামতউল্লাহ বলেন, কলেজের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ও সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ফি কমিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় তাঁকে ছাত্র নামধারী কিছু অছাত্রের রোষানলে পড়তে হয়েছে।