সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য অধ্যক্ষসহ জ্যেষ্ঠ শিক্ষকদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দাবি, শ্রেণী কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা দেখতে গেলে অধ্যক্ষ তাঁদের সঙ্গে অসদাচরণ করেন।
এ ঘটনার জের ধরে শিক্ষকেরা গতকাল বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন। পাশাপাশি গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। যদিও আজ বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটিতে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে আটটায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য আইনজীবী এম এ মালেক ও সালেহ আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রেণীকক্ষ পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে ফেরার পথে সকাল সাড়ে নয়টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসনে আরার সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তাদের সেখানে আটকে রাখা হয়।
ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্যের ভাষ্য মতে, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে শিক্ষাকার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না-হওয়া নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিলেন। এটি সরেজমিনে দেখার জন্য বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এ সময় ষষ্ঠ ও একাদশ শ্রেণীতে কোনো শিক্ষককে পাঠদান করতে দেখা যায়নি। এসব অনিয়ম প্রত্যক্ষ করে ফেরার সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। ব্যবস্থাপনা কমিটির সদস্য সালেহ আহমদ খসরু অভিযোগ করে বলেন, ‘কলেজ অধ্যক্ষ সকাল সাড়ে নয়টার সময় বিদ্যালয়ে আসেন। তিনি প্রতিদিন কেন সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না—সেটি ব্যবস্থাপনা কমিটির এক সদস্য জিজ্ঞাসা করতেই অধ্যক্ষ খেপে গিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে আমাদের আটকে রাখেন। পাশাপাশি অধ্যক্ষ সবার সঙ্গে খুবই খারাপ আচরণ করেন।’ অধ্যক্ষ হোসনে আরা প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকসহ আমার সঙ্গে বাজে আচরণ করেছেন। এর ফলে তর্ক-বিতর্ক হয়েছে। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ধ্বংস করতেই এমনটি করেছেন। শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিতদের এভাবে লাঞ্ছনা করা সত্যিই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদে তাই বাধ্য হয়েই শিক্ষকেরা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন।’ অধ্যক্ষের সঙ্গে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তর্ক-বিতর্কের খবরে সকাল ১০টার দিকে পুলিশসদস্য, বিপুলসংখ্যক অভিভাবক এবং সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ঘটনাস্থলে পৌঁছেন। আশফাক আহমদ অধ্যক্ষের সঙ্গে কথা বলে প্রধান ফটকের তালা খুলে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যান। এ সময় আশফাক আহমদ সাংবাদিকদের জানান, ৫ এপ্রিল সন্ধ্যা সাতটায় ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
গতকাল বিকেলে অধ্যক্ষসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিলেট জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষক ও ৩১ জন কর্মচারী। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি মুঠোফোনে শুনেছি। সব বিষয় ভালোভাবে জানতেও পারিনি। শিক্ষকদের সঙ্গে বসে ঘটনার আদ্যোপান্ত জেনে তবেই ব্যবস্থা নেওয়া হবে।’