অধ্যক্ষকে লাঞ্ছিত করল ছয় শিক্ষার্থী, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রেণিতে প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি না থাকায় ছয় শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর জের ধরে অধ্যক্ষকে পরীক্ষায় বসতে না পারা শিক্ষার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, শ্রেণিতে হাজিরা ৬০ শতাংশের কম থাকা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ওই ছয় শিক্ষার্থী অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে পরীক্ষায় বসার অনুমতি চায়। অধ্যক্ষ এতে সম্মতি না দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর কার্যালয়ে ভাঙচুর ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় কয়েকজন শিক্ষক ও কর্মচারী এগিয়ে গেলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়। পরে ওই ছাত্ররা অধ্যক্ষ ও শিক্ষকদের চারটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
এ বিষয়ে অধ্যক্ষ মো. তুঘলক বলেন, ছাত্ররা ক্লাসে ঠিকমতো উপস্থিত না হওয়ায় ফলাফল খারাপ হচ্ছে। তাই কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী, ৬০ শতাংশের নিচে হাজিরা থাকা শিক্ষার্থীদের কোনো পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। ওই শিক্ষার্থীদের বলা হয়েছে, আগামী তিন মাস হাজিরা নিশ্চিত করতে পারলে তারা প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। উত্তীর্ণ হলে চূড়ান্ত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘কিন্তু ওই ছয় ছাত্র আমার ও শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছিত এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে। এরা ছাত্র নামের কলঙ্ক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’
এদিকে ওই ছয় শিক্ষার্থীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।