অধ্যক্ষকে হত্যার হুমকি শিবিরের ৫০ নেতা ও কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গতকাল সোমবার ঘেরাও করে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি হারুন-অর-রশিদসহ ছাত্রশিবিরের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।কলেজ সূত্র জানায়, ১৫ মার্চ কলেজ শাখা ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে শিবিরের নিয়ন্ত্রণে থাকা চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এগুলো হলো: ওসমানী ছাত্রাবাস, জিএল ছাত্রাবাস, সিএম ছাত্রাবাস ও কেবি ছাত্রাবাস। এজাহারে উল্লেখ করা হয়, গতকাল হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রায় ৫০ জন শিবিরকর্মী ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার জন্য তাঁকে চাপ দেন। ছাত্রাবাস খুলে দেওয়া না হলে তাঁরা তাঁকে মেরে ফেলবে বলে হুমকি দেন। সেখানে উপস্থিত অন্য শিক্ষকদেরও তাঁরা গালিগালাজ করেন।এ ব্যাপারে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, ছাত্রশিবির কর্মীদের কারণে তিনি ও তাঁর সহকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে অভিযোগ অস্বীকার করে হারুন-অর-রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা স্যারের কাছে গিয়েছিলাম ছাত্রাবাস খুলে দেওয়ার অনুরোধ করতে। তাঁকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান।