রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ করেছে। গত ১৫ মার্চ কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে চারটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। ছাত্রাবাসগুলো ছাত্রশিবিরের নিয়ন্ত্রণাধীন। গত বৃহস্পতিবার রাতে ওসমানী ছাত্রাবাসের তালা ভেঙে লাঠিসোঁটা, রড, ইট, পাথর ও জিহাদি বই মজুদ করে ছাত্রশিবির। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ গত শুক্রবার এসব উদ্ধার করে। এর জের ধরে গত সোমবার ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি হারুন-অর রশিদের নেতৃত্বে সন্ত্রাসীরা কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস হারুন-অর রশিদকে প্রধান আসামি করে ৫০ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন।গতকাল মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদে ও শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন বিক্ষোভ করে। ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ বলেন, কলেজের চারপাশের মেসগুলোতে শিবিরের ঘাঁটি গড়ে তোলা হয়েছে। ছাত্রফ্রন্টের সভাপতি রোকনুজ্জামান বলেন, অধ্যক্ষের কক্ষে ঢুকে শিবিরের সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দিয়েছে। অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, এখনো বিভিন্নভাবে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, কলেজের আইনশৃঙ্খলা অনুকূলে রাখতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।