অধ্যক্ষসহ নয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গত সোমবার নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রয়েছেন।
পুলিশের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র নেওয়ার সময় ওই ব্যক্তিরা প্রশ্নপত্র ফাঁস করে অনলাইনে ছড়িয়ে দিতেন এবং প্রতি প্রশ্নপত্রের জন্য তাঁরা ৫০০ থেকে পাঁচ হাজার টাকা করে নিতেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার গাজীরচট এএম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, গণিতের শিক্ষক আতিকুল ইসলাম, অফিস সহকারী আবদুল মজিদ, টঙ্গীর কোনিয়া কোচিং সেন্টারের শিক্ষক হামিদুর রহমান, উত্তরার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র আরিফ হোসেন আকাশ ওরফে আদু ভাই, সাইদুর রহমান, রাকিব হোসেন ও তানভীর হোসেন ওরফে জিএম সাগর।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, একটি চক্রের মূল হোতা অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন ও অন্য চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গাজীরচট এএম উচ্চবিদ্যালয় ও কলেজ পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই কেন্দ্রে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্নপত্র আনার সময় দ্রুত প্রশ্নপত্রের বিশেষ করে নৈর্ব্যক্তিক অংশের ছবি তুলতেন মোজাফ্ফর হোসেন। এরপর তিনি এই ছবি গণিতের শিক্ষক আতিকুল ইসলামের কাছে পাঠাতেন। আতিকুল দ্রুত প্রশ্নের সমাধান করে তা তানভীর হোসেনের কাছে পাঠাতেন। তানভীর একটি গোপন ফেসবুক গ্রুপের অ্যাডমিন। এই গ্রুপের সদস্যসংখ্যা প্রায় দুই হাজার। পরে তিনি সমাধানসহ প্রশ্নপত্র তাঁর পরিচালিত ফেসবুক গ্রুপে ছড়িয়ে দিতেন। প্রতি প্রশ্নপত্রের জন্য গ্রুপের সদস্যরা তাঁর দেওয়া একটি মুঠোফোন নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা করে দিতেন। পরে এই টাকা চক্রের সব সদস্যের মধ্যে ভাগাভাগি হতো।
গ্রেপ্তার নয়জনের মধ্যে শিক্ষক হামিদুর রহমান, অফিস সহকারী আবদুল মজিদ এই চক্রের সদস্য। বাকিরা গ্রেপ্তার জাহাঙ্গীর চক্রের সদস্য বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (পশ্চিম) উপকমিশনার সাজ্জাদুর রহমান।
সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, একই কায়দায় জাহাঙ্গীর আলম প্রশ্নপত্র ফাঁস করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।