কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে ২৯ জন শিক্ষকের মধ্যে অধ্যক্ষসহ ১১ শিক্ষকের পদই শূন্য। তার ওপর প্রতিশ্রুতির ১১ বছরেও চালু হয়নি স্নাতক (সম্মান) কোর্স। জনবল-সংকটের কারণে ওই কলেজে সাতটি বিষয়ে সম্মান কোর্স চালু করা যাচ্ছে না বলে জানা গেছে। কলেজের হিসাব সহকারী মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, ১৯৭২ সালের ১ জুলাই ছয় একর ৪১ শতক জায়গা নিয়ে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালের ১ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে এক হাজার ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০০১ সালের ২৪ জানুয়ারি তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা সফরে আসেন। ওই সময় তিনি এ কলেজে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স খোলার প্রতিশ্রুতি দেন। দীর্ঘ ১১ বছরেও প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। কলেজ সূত্রে জানা গেছে, কলেজে শিক্ষকদের ২৯টি পদের মধ্যে ১১টিই শূন্য। বর্তমানে একজন অধ্যক্ষ, চারজন সহকারী অধ্যাপক ও ছয়জন প্রভাষকের পদ খালি। এর মধ্যে সমাজকর্ম বিভাগের তিনটি পদের মধ্যে দুটিই শূন্য। গত তিন বছর একজন দিয়েই চলছে ওই বিষয়ের পাঠদান। ব্যবস্থাপনা বিভাগের তিনটি পদের মধ্যে প্রভাষকের দুটি পদই শূন্য। হিসাববিজ্ঞান বিভাগের তিনটি পদের মধ্যে প্রভাষকের একটি পদ চার বছর ধরে শূন্য। পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিভাগে একজন করে শিক্ষক আছেন। কলেজে কৃষিবিজ্ঞান বিষয়ের অনুমোদন আছে, শিক্ষার্থীও আছে। কিন্তু গত ৪০ বছরেও কৃষিবিজ্ঞান শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। সৃষ্টি হয়নি উপাধ্যক্ষ, গ্রন্থাগারিকের পদও। কলেজের প্রধান সহকারীর পদটি সাত বছর ধরে খালি রয়েছে। কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত ২ ডিসেম্বর অধ্যক্ষ বেন ইয়ামিন ভূঁইয়া এখান থেকে বদলি হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন। ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি তিনি এ কলেজে যোগ দিয়েছিলেন। যোগদানের পর তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। গত ৪০ বছরে এ কলেজে আটজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন শাহজাহান ভূঁইয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘এখানে শিক্ষক ও জনবল-সংকট প্রকট। সম্মান কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। সময়ের প্রয়োজনে সম্মান কোর্স চালু করা দরকার।’কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ বেন ইয়ামিন ভূঁইয়া বলেন, ‘অবকাঠামোগত সমস্যা ও শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ার কারণে সেখানে স্নাতক (সম্মান) কোর্স চালু করা যাচ্ছে না। একটি বিভাগের জন্য কমপক্ষে ছয়টি শ্রেণীকক্ষ ও সহযোগী অধ্যাপকের পদ লাগবে। কিন্তু এখানে সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি হয়নি। তার ওপর সৃষ্টি হয়নি উপাধ্যক্ষের পদ। রয়েছে শ্রেণীকক্ষ-স্বল্পতা। কোনো অনিয়মের অভিযোগ নয়, নিয়মতান্ত্রিকভাবেই বদলি হয়ে ভিক্টোরিয়া কলেজে এসেছি।’