সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটজন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকাল নয়টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন ফি নিয়ে সেবা না দেওয়া এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা এ আন্দোলনে নেমেছেন। বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
সকাল নয়টার দিকে কলেজের রেজিস্ট্রার মো. সেলিমসহ অন্তত আটজন শিক্ষক-কর্মকর্তা প্রশাসনিক ভবনে যথারীতি কাজে ঢোকেন। এ সময় শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। এরপর শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নানা অনিয়ম-দুর্নীতির সমাধান চেয়ে স্লোগান দিতে থাকেন এবং কলেজে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়ারও দাবি জানাতে থাকেন। উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজে বর্তমানে ৩৭১ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, প্রশাসনের নানামুখী অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পুরোপুরি বিনষ্ট হয়ে পড়েছে। এসব অনিয়ম দূর করার পাশাপাশি শিক্ষার্থীরা গতকাল ১২ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে অটোক্যাড ল্যাব সচলকরণ, শ্রেণিকক্ষে পানির ফিল্টার ও সাউন্ড সিস্টেম চালু করা, উপযুক্ত ও দক্ষ শিক্ষক দ্বারা ক্লাস এবং পরীক্ষা পরিচালনা, ছয় মাসের পরিবর্তে চার মাসে সেমিস্টার ফাইনাল গ্রহণ না করা এবং যথাসময়ে ফলাফল প্রকাশ।
শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে বেলা আড়াইটার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম ক্যাম্পাসে পৌঁছান। এ সময় অধ্যক্ষ প্রশাসনিক ভবনে যেতে চাইলে শিক্ষার্থীরা তালা খুলে তাঁকে প্রশাসনিক ভবনে যেতে দেন। এরপর পুনরায় তালা ঝুলিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও ভেতরে রেখে আবার অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালান। অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সমস্বরে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে জানান, পর্যায়ক্রমে নয়, বরং সবগুলো সমস্যা একসঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়া হলেই কেবল অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। তবে শিক্ষার্থীদের ১২ দফা দাবিকে তিনি অনেকটাই যৌক্তিক উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘কলেজে প্রচণ্ড লোকবল-সংকট রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এসব দাবি বাস্তবায়নে আমরা ইতিমধ্যে নীতিগতভাবে একমত হয়েছি। শিক্ষার্থীদের এসব দাবি অবশ্যই মানা হবে।’