অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজে তালা, মানববন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এফ কে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে রোববার সকালে এইচএসসি (বিএম) পরীক্ষার্থীরা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।এরপর তারা গোয়ালন্দ বাজার প্রধান সড়কে মানববন্ধন করে ও মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।শিক্ষার্থীরা ইউএনওর মাধ্যমে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ ১৩ জনের কাছে স্মারকলিপি দেয়। এ সময় এইচএসসি (বিএম) পরীক্ষার্থী আবদুল মান্নান, মাহাবুব হোসেন, পরাগ রেজা, সুজন, পারভিন আক্তার, শিরিন আক্তারসহ কয়েকজন জানায়, কলেজের অধ্যক্ষ রিক্তা বানু একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করেন। তিনি সম্প্রতি জামিনে বের হলেও ১ এপ্রিল পরীক্ষা শুরুর দিন তাঁর আদালতে হাজিরার তারিখ রয়েছে। তাঁর জামিন আবেদন নাকচ হলে এবং কোনো কারণে পরীক্ষা বন্ধ হয়ে গেলে এ ক্ষতির দায়ভার কে নেবে? তাই তাঁকে অপসারণ করে নতুন কাউকে দায়িত্বভার দেওয়া হোক।কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বলেন, ‘রোববার সকালে কলেজের অফিসসহ সব কক্ষে তালা দেওয়ায় সোমবার দুপুর পর্যন্ত আমরা অফিসের কোনো কাজকর্মই করতে পারিনি।’অধ্যক্ষ রিক্তা বানু বলেন, ‘২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চালিয়ে আসছি। আমার বিরুদ্ধে কোনো মামলা থাকলেও তাতে পরীক্ষার কোনো সমস্যা হবে না। এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের বিভিন্নভাবে কলেজের উন্নয়ন ব্যাহত করতে দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো সৃষ্টি করে আসছেন।’এফ কে টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমীন বলেন, শিক্ষার্থীদের দাবি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে এবং কলেজের সব কক্ষের তালা খুলে দিতে বলা হয়েছে। এ ছাড়া অনেক আগেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সভাপতি নিযুক্ত করে পরীক্ষাসহ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়েছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কারণই নেই।স্মারকলিপি ও পরীক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৮ অক্টোবর অধ্যক্ষ রিক্তা বানু স্থানীয় স্কুল শিক্ষক আ. হাকিম মীর মালতের বাসায় ভাড়া থাকতেন। ওই সময় রিক্তা বানু ঝগড়ার একপর্যায়ে ওই স্কুল শিক্ষকের স্ত্রী জাহানারা বেগমকে দা দিয়ে আঘাত করেন। এ ঘটনায় জাহানারা বেগম মামলা করলে আদালত গত ৭ ফেব্রুয়ারি রিক্তা বানুর তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। রিক্তা বানু গত ১৩ ফেব্রুয়ারি জামিনে বের হন। কিন্তু জামিনের বিরুদ্ধে বাদীপক্ষ আদালতে আপিল করে।