অধ্যক্ষের অপসারণ দাবিতে ক্লাস বর্জন
অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে পাবনা মেডিকেল কলেজ। দীর্ঘদিন ধরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় গতকাল রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে শিক্ষার্থীরা ক্লাসে এসে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা ক্লাস থেকে বেরিয়ে কলেজ ভবনের মূল ফটকে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। তাঁরা কলেজ ভবনের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালান এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর শিক্ষকেরা তাঁদের শান্ত করেন।
শিক্ষার্থীরা জানান, প্রায় ছয় বছর আগে চালু হওয়া কলেজটির একটি ভবন ছাড়া কিছু নেই। বর্তমানে ছয়টি ব্যাচের ২৬০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র ছয়জন। তা ছাড়া, ফিজিওলজি, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিভাগে এখনো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
নিজস্ব হাসপাতাল না থাকায় পাবনা জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে চালানো হচ্ছে। শিক্ষক না থাকায় এই হাসপাতালের চিকিৎসকেরা ক্লাস নিচ্ছেন। শিক্ষার্থীরা জানান, মাত্র ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে দিয়ে পুরো কলেজ চলছে। মাঝেমধ্যে পাবনা মানসিক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের এনে কাজ করানো হচ্ছে।
ওই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংকট থাকায় আমরাও বিপাকে আছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়গুলো জানানো হয়েছে।’