বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতিসহ ২১টি অভিযোগ তুলেছেন ২১ জন শিক্ষক। তিনি কলেজে এলে শিক্ষকেরা গণপদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিও অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন।
ওই ২১ জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে গতকাল রোববার কলেজ কর্তৃপক্ষকে একটি অভিযোগপত্র দিয়েছেন। সেখানে তাঁদের প্রত্যেকের সই রয়েছে। অধ্যক্ষ কলেজে এলে তাঁরা গণপদত্যাগ করবেন বলে উল্লেখ করেছেন। এ ছাড়া কলেজ ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের অনুপ্রবেশ ও এদের মাধ্যমে শিক্ষকদের অপমানের অভিযোগে গত শনিবার শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন। সেখানে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ দাবি করেন।
কলেজ ও স্থানীয় সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সঙ্গে কয়েক বছর আগে শিক্ষকদের সম্পর্কের অবনতি হয়। গত বুধবার শিক্ষকদের আনা ২১টি অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা ছিল। ওই সভাকে বানচাল করতে ও শিক্ষকদের দমিয়ে রাখতে অধ্যক্ষ কয়েকজন বহিরাগত সন্ত্রাসীকে কলেজে নিয়ে আসেন। বিষয়টি জানতে পারলে শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালান। পরে ওই দিনই সভা করে শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। ওই দিন থেকে অধ্যক্ষ আর কলেজে আসছেন না।
শিক্ষক ভাস্কর সেনগুপ্ত, বি এম আবদুল্লাহ, সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম বলেন, ২০০৬ সালে আতাউর রহমান অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। তখন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে প্রভাষকের পদমর্যাদায় থাকলেও ২০১০ সাল পর্যন্ত তিনি কলেজের আয় থেকে সহযোগী অধ্যাপকের বেতন নেন। ২০১১ সালের পর থেকে তিনি আরও স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। শিক্ষকদের সঙ্গে সমন্বয় না করে কাজ করতেন। শিক্ষকদের মানসিক নির্যাতন, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অকারণে কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের অপমান করাসহ অন্যের দোষ চাপিয়ে দিতেন। শিক্ষকদের সাহায্য ছাড়াই তিনি একাই সব বিভাগের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে অনেক টাকা হাতিয়ে নেন। ২০১৫ সালে নিয়মের তোয়াক্কা না করেই তিনি চারজন শিক্ষকের পদমর্যাদা অবনমন করেন।
কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনও অধ্যক্ষ আতাউর রহমানের বিরুদ্ধে কলেজের উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ করেন। তিনি বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে কয়েক লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছি। ১৪ মে নোটিশের জবাব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আতাউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নোংরামি ছাড়া কিছুই নয়। আমাকে হটাতে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। উপাচার্য তদন্ত করে বিষয়টি সুরাহা করবেন বলে জানিয়েছেন।’