অধ্যক্ষের অপসারণ দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলেজের অধ্যক্ষ ইউসুফ আলীর অপসারণ না করা হলে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে অধ্যক্ষের কক্ষে ও কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। পরে বাকেরগঞ্জ থানার একদল পুলিশ এসে ছাত্রলীগের নেতাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়। এরপর তাঁরা কলেজের শহীদ মিনারে সমাবেশ করেন।
সমাবেশে কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ ইউসুফ আলী তাঁর মেয়ের জামাই একই কলেজের শিক্ষক মিজানুর রহমানকে কলেজের স্কাউট ও রোভার ডেনের কক্ষটি আবাসিক ভবন হিসেবে ব্যবহার করতে দিয়েছেন। একইভাবে অধ্যক্ষ তাঁর জামাইয়ের সহযোগিতায় কলেজের একাডেমিক কাউন্সিলের কোনো সিদ্ধান্ত ছাড়াই কলেজের সব কার্যক্রম পরিচালনা করছেন। এতে শিক্ষকেরা প্রতিবাদ জানালে তাঁদের নামে কথায় কথায় কারণ দর্শানোর নোটিশ দিচ্ছেন। এ জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষকে অপসারণ না করা হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন। এতে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ফয়সাল আহম্মেদ ইব্রাহীম প্রমুখ।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ ইউসুফ আলী বলেন, ‘যারা এই আন্দোলন করছে, তারা কেউ এই কলেজের ছাত্র নয়। তারা আমার কাছে টাকা দাবি করেছিল, আমি দিইনি বলে এসব করছে। এর পেছনে কলেজের কতিপয় শিক্ষকেরও ইন্ধন আছে। কারণ আগে যেসব শিক্ষক কলেজের অর্থ লোপাট করেছেন, আমি এখানে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর সেটা করতে পারেন না বলে ওই সব অছাত্র দিয়ে এসব আন্দোলন করাচ্ছেন।’