সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তাঁর অপসারণের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার তাঁরা ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ৩৬০ জন শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে ফি আদায় করেও ডিগ্রি (পাস) কোর্স ২০১৬-এর নির্বাচনী পরীক্ষা না নিয়ে সেই টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া কলেজে ছাত্র সংসদ না থাকলেও নিয়মিত টাকা আদায় করা হয়। মসজিদের নামে নিয়মিত টাকা নিলেও মসজিদের কোনো উন্নয়ন নেই। প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র, দরিদ্র তহবিলসহ বিভিন্ন নামে নিয়মিত টাকা আদায় করে সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। কলেজের ছাত্রী নিবাসের বার্ষিক ফি হঠাৎ চার হাজার থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতা করেন কলেজের শিক্ষার্থী আবু সালেহ, ইব্রাহিম আহমেদ, পারভেজ আহমদ, মঈনুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জাবেদ আহমদ প্রমুখ। সমাবেশে অধ্যক্ষের অনিয়মের তদন্তে একটি কমিটি গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে গতকাল কলেজের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা হয়নি।
টাকা আত্মসাৎসহ শিক্ষার্থীদের অন্যান্য অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আবদুছ ছাত্তার বলেন, শিক্ষার্থীদের একটা অংশ শিক্ষা সফরে কক্সবাজার ও সেন্ট মার্টিনে যেতে ১ লাখ ২০ হাজার টাকা কলেজের তহবিল থেকে দেওয়ার দাবি করেছেন। এই টাকা দেওয়া না-দেওয়া নিয়েই কিছু সমস্যা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা কলেজের আয়-ব্যয়ের হিসাব দেখতে চান বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় তারা কিছু অন্যায় দাবি করেছে। এসব না মানার কারণেই তারা আমার ওপর ক্ষুব্ধ হয়ে এখন আন্দোলনে নেমেছে।’