বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে গতকাল বুধবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কলেজের শিক্ষক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কলেজের পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা ছিল। ওই সময় কলেজের শিক্ষকেরা অধ্যক্ষ আতাউর রহমানের বিরুদ্ধে তাঁদের অকারণে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনেন। তাঁরা ক্লাস বর্জন করে অধ্যক্ষের অপসারণ দাবি করেন। পরে তাঁদের ইন্ধনে কিছু শিক্ষার্থী অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণিকক্ষে ভাঙচুর চালায়।
শিক্ষকদের মানসিক নির্যাতন, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অকারণে কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের অপমান করা, অন্যের দোষ চাপানোসহ অধ্যক্ষের বিরুদ্ধে ২১টি অভিযোগের তালিকা প্রচার করেছেন কলেজের ১০ শিক্ষক। এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষক ভাস্কর সেনগুপ্ত বলেন, এসব কারণে অধ্যক্ষকে অপসারণ করতে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। অপসারণ না করা পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না।
পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকেরা লিখিত অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে আনা কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তবে শিক্ষকদের আনা এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’