দুর্নীতির অভিযোগ এনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষকে অপসারণ ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি সাতক্ষীরা সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৪৫ টাকা ফি নির্ধারণ করে দেয়। কিন্তু অধ্যক্ষ লিয়াকত পারভেজ সেশন চার্জের নামে ভর্তি ফি নির্ধারণ করেন ৪ হাজার ৪৬৫ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে কয়েক লাখ টাকা আদায় করে তা আত্মসাৎ করেছেন তিনি। এ ছাড়া কলেজের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর কাছ থেকে প্রতিবছর সেশন ফির নামে কলেজ প্রশাসন ২১টি খাতে ১ হাজার ১৫০ টাকা করে আদায় করছে। আদায়কৃত এই টাকার সিংহভাগ অধ্যক্ষ আত্মসাৎ করছেন বলে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে তাঁকে অপসারণ করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ লিয়াকত পারভেজ বলেন, কলেজে রসিদ দিয়ে ফি আদায় করা হয়। এখানে টাকা আত্মসাৎ করার সুযোগ নেই। কেন ছাত্রমৈত্রী তাঁর অপসারণ দাবি করেছে, তা তিনি বুঝতে পারছেন না।
মানববন্ধন কর্মসূচিতে জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ফাহিমুল হক, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দেবাশীষ মণ্ডল প্রমুখ।