নানা অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে গত বুধবার শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। গত বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজের ৬২ জন শিক্ষক ও কর্মচারী শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষকেরা বলেন, অধ্যক্ষ সিরাজুল হকের অপসারণ না হওয়া পর্যন্ত শনিবার থেকে শুরু হওয়া ক্লাস বর্জন অব্যাহত থাকবে। অধ্যক্ষ বলেন, ‘অভিযোগগুলো প্রতারণামূলক। তদন্তেও প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। দুদকের পক্ষ থেকে তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। যে কারণে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে আমি মামলা করেছি। বর্তমানে আদালত স্থিতি অবস্থা জারি করেছে। এই মুহূর্তে কারও কিছু করার নেই। শিক্ষকেরা অন্যায়ভাবে ক্লাস বর্জন করছেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।’