অধ্যক্ষের অপসারণ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে নোয়াখালীর চাটখিল মহিলা কলেজের শিক্ষকেরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। ছয় দিন ধরে চলা এ ধর্মঘটের কারণে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।শিক্ষকদের মুখপাত্র জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার দুপুরে কলেজের শিক্ষক পরিষদের এক জরুরি সভায় অধ্যক্ষ সাইফুল ইসলামকে অপসারণ না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।এদিকে অচলাবস্থা দূর করতে গতকাল সকালে কলেজ পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়। কিন্তু পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ মাহবুব উদ্দিন এবং একজন অভিভাবক সদস্য ছাড়া অন্য কোনো সদস্য উপস্থিত না হওয়ায় সভা হয়নি।সাংসদ মাহবুব উদ্দিন ও অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন পারভেজকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি সমঝোতা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পৌর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, এম এ নোমান ও শামছুল আরেফিন। কমিটি এক সপ্তাহের মধ্যে সুপারিশমালা তুলে ধরবে।প্রসঙ্গত, শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা এবং অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ এনে তাঁর অপসরণের দাবিতে শিক্ষকেরা ৭ আগস্ট থেকে ধর্মঘট পালন করে আসছেন।