সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে ছাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ১০ দিনের ছুটি নিলে ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। আন্দোলনরত ছাত্রীরা জানায়, গত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসের আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আশরাফ হোসেন ছাত্রী এবং শিক্ষকদের সম্পর্ক নিয়ে অশালীন মন্তব্য করার পাশাপাশি একুশের দেয়ালিকা প্রকাশের বিরোধিতা করেন। এ সময় ছাত্রীরা তাঁর বক্তব্যের প্রতিবাদ জানায়। তাত্ক্ষণিক ছাত্রীদের প্রতিবাদের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বক্তব্য প্রত্যাহার করেন। কিন্তু কিছুক্ষণ পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইক হাতে নিয়ে আবার একই বক্তব্য দিলে হট্টগোল শুরু হয়। ছাত্রীরা অধ্যক্ষের অপসারণ দাবি করে আন্দোলনের ডাক দেয়।গতকাল সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আশরাফ হোসেন কলেজ ক্যাম্পাসে এলে ছাত্রীরা ক্লাস বর্জন করে। ইউএনও মোহাম্মদ নাজমুল আবেদীন কলেজে গেলে ছাত্রীরা তাঁকে বিষয়টি লিখিতভাবে জানান। এ সময় ইউএনও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাত্ক্ষণিক ১০ দিনের ছুটিতে পাঠিয়ে কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম সোবহানীকে দায়িত্ব দিলে পরিস্থিতি শান্ত হয়। ইউএনও বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে ছাত্রীরা অভিযোগ করেছে।