অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।
পরে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বুধবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কিরণ চন্দ্র দেব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে বেধড়ক পেটান বলে অভিযোগ উঠেছে। কলেজটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা কলেজের শ্রেণীকক্ষগুলোর তালায় সুপার গ্লু লাগিয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তালাগুলো কেটে শ্রেণীকক্ষ খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্র জানায়, পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরাও এ বিষয় নিয়ে আর আন্দোলনে যাবে না বলে আমাদের আশ্বস্ত করেছে।’