অধ্যক্ষের অপসারণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এর আগে গত সোম ও মঙ্গলবার একই দাবিতে ওই কলেজের ভেতরে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। একই দাবিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেয় শিক্ষার্থীরা।ওই কলেজ ও প্রশাসন জানায়, উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার ইউএনও সেলিম আহমেদ ওই কলেজ পরিদর্শনে যান ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, ‘তাঁর কর্মকাণ্ড শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে।’ তবে এলাকাবাসীর অনেকে জানান, অধ্যক্ষ চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণীর ১৪ জন ছাত্রের ভর্তি বাতিল করেন। এর পর থেকেই মূলত তাঁর অপসারণের দাবিতে আন্দোলন চলছে। অধ্যক্ষ সমীর কর্মকার প্রথম আলোকে বলেন, মূলত ভুল তথ্য দিয়ে ভর্তি হওয়ার কারণে নবম শ্রেণীর ১৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। বিষয়টি শিক্ষার্থীদের কেউ কেউ মেনে নিতে পারেনি। ইউএনও সেলিম আহমেদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।