অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীরা গতকাল সোমবার শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও অধ্যক্ষের অপসারণের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছেন।কলেজ সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম রোববার পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।এ মামলা প্রত্যাহার ও অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল সকালে ছাত্রীরা ক্লাস বর্জন করে অধ্যক্ষের কক্ষে তালা মেরে দেন। তাঁরা ওই কক্ষের সামনে অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন। বেলা তিনটার দিকে পরিচালনা পর্ষদের সভাপতি এরিক মোর্শেদ এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা তালা খুলে দিয়ে চলে যান। বিকেলে বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে সভাপতির বৈঠক হয়। কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ওবায়দুল্লাহ জানান, রোববার কলেজের স্টাফ কাউন্সিলের সভায় কয়েকজন শিক্ষক অধ্যক্ষের কাছে শিক্ষক প্রতিনিধি বিষয়ে জানতে চান। অধ্যক্ষ তখন বলেন, শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়ে গেছে। অধ্যক্ষের মামলার প্রধান আসামি টি এম ফেরদাউস ওয়াহিদ বলেন, ‘শিক্ষক প্রতিনিধি নির্বাচন বিষয়ে তাঁর কাছে জানতে চেয়েছি। তাঁকে মারধর এবং টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।’ অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, ‘কয়েকজন শিক্ষক কলেজে আধিপত্য বিস্তারের জন্য এসব করছেন। আমাকে কলেজ থেকে তাড়িয়ে ফেরদাউস ওয়াহিদ অধ্যক্ষ হতে চান।’