অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষকদের একাংশের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ভবানীপুর ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুর ১২টায় কলেজ গেটে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তাঁরা।
৭ মার্চ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মবিদুল ইসলাম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই কলেজে শিক্ষকদের একটা পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। অযোগ্যতার অভিযোগ তুলে ওই দিন থেকেই ক্ষুব্ধ শিক্ষক ও তাঁদের সমর্থক শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ, ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি চালাতে শুরু করেন। দুই সপ্তাহ ধরে কলেজে এ অবস্থা বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, কলেজের সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান সম্প্রতি অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়। কলেজ কর্তৃপক্ষ নতুন অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি দিলে কলেজে চাকরিরত ১৩ শিক্ষক ও ৬ বহিরাগত মোট ১৯ জন আবেদন করেন।
কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক একরামুল হক সরদার, প্রভাষক শাওন সরকার ও প্রভাষক রেজাউল আলম বলেন, শুরু থেকেই তাঁরা কলেজ পরিচালনা পর্ষদের কাছে দাবি জানিয়ে আসছিলেন, যদি কলেজের শিক্ষকদের মধ্য থেকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়, তবে যেন মবিদুল ইসলামকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করা হয়। মবিদুল ইসলাম একজন অযোগ্য ও বিতর্কিত ব্যক্তি বলে অভিযোগ করেন এ তিনজন। বিতর্কিত মবিদুল ইসলামকে অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবিতে তাঁর কার্যালয়ে তালা, শিক্ষকদের কালো ব্যাজ ধারণ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছিল। এ অবস্থায় ১৮ ও ১৯ মার্চ সরকারি দলের কিছু বহিরাগত সমর্থক ও পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য মবিদুলের পক্ষ হয়ে কলেজে এসে শিক্ষকদের গালিগালাজ করেন। আন্দোলন প্রত্যাহার না করলে শিক্ষকদের উচিত শিক্ষা দেওয়া হবে বলেও হুমকি দেন তাঁরা।
শিক্ষকদের আন্দোলন সম্পর্কে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মবিদুল ইসলাম বলেন, কলেজের কয়েকজন প্রভাবশালী শিক্ষক নিজেদের পছন্দের ব্যক্তিকে অধ্যক্ষ পদে আনতে না পেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তফিজুর রহমান তাঁকে পদ নিয়ে দুশ্চিন্তা না করতে বলেছেন।