অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষকেরা গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এ সময় তাঁরা কালো ব্যাজ ধারণ করেন।দুর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা কলেজে আসে। কিন্তু কর্মবিরতির কারণে তারা ফিরে যায়। আন্দোলনকারী কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা সকাল থেকে ক্যাম্পাসে বৈঠক করেন।এ অবস্থায় আজ সোমবার (২৩ জুলাই) উদ্ভূত পরিস্থিতির জন্য জরুরি বৈঠক ডেকেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. নূর নবী জানান, অধ্যক্ষ মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ ছাইফ উদ্দিন দীর্ঘদিন ধরে কলেজের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা অনিয়ম করে আসছেন। অর্থনৈতিক তছরুপের কারণে শিক্ষক-কর্মচারীদের ৭২ মাস কলেজের অংশের বেতন বাকি রয়েছে। অধ্যক্ষ শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নিয়ে বাণিজ্য করছেন। কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের বাসটি বিক্রি করলেও টাকার সঠিক হিসাব দেওয়া হয়নি। তাঁরা কলেজটিকে খামখেয়ালি মতো পরিচালনা করছেন। কোনো কাজেই শিক্ষকদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। এ জন্য তাঁদের অপসারণের দাবিতে শিক্ষকেরা ঐক্যবদ্ধ হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়েছেন। কলেজের উপাধ্যক্ষ ছাইফ উদ্দিন বলেন, উপাধ্যক্ষের কাজ হলো কলেজে পাঠদান নিশ্চিত করা। অর্থনৈতিক কোনো ক্ষমতা আমার নেই। সার্বিক দায়-দায়িত্ব অধ্যক্ষের। অধ্যক্ষ মামুনুর রশিদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কলেজের কাজে আমি ঢাকায় অবস্থান করছি। আন্দোলনের বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই।’কমিটির সদস্য শামছুল ইসলাম বলেন, শিক্ষকেরা অনিয়মের ঘটনাগুলো আমাদের জানিয়েছে। বিষয়গুলো আগে আমাদের অজানা ছিল। এ জন্য সোমবার (আজ) জরুরি বৈঠক ডাকা হয়েছে।