অধ্যক্ষের উপস্থিতির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ছুটি না নিয়ে দীর্ঘদিন কলেজে অনুপস্থিত রয়েছেন। এতে কলেজের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রমে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অধ্যক্ষের কর্মস্থলে ফিরে আসার দাবিতে শিক্ষার্থীরা গত সোমবার সকালে কলেজে মিছিল ও পথসভা করেছে। একই দাবিতে ওই দিন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে।কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস গত বছরের ১৫ সেপ্টেম্বর এখানে যোগ দেন। এর পর থেকে তিনি কলেজের তেমন কোনো খোঁজখবর নেননি। এতে কলেজের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।উপাধ্যক্ষ ইয়াকুব আলী জানান, অধ্যক্ষ কলেজে যোগ দেওয়ার পর মাত্র চার দিন অফিস করেছেন। গত মাসে তিনি এক দিনও কলেজে আসেননি। অধ্যক্ষ অনুপস্থিত থাকলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তিনি কাউকে এই দায়িত্ব দেননি। ফলে কলেজের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অধ্যক্ষের অনুপস্থিতিতে কোনো শিক্ষকের ছুটির দরকার হলে তা-ও দেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি সব কাগজপত্র অধ্যক্ষের রাজশাহীর বাসভবনে পিয়ন পাঠিয়ে স্বাক্ষর করিয়ে আনতে হচ্ছে। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। অধ্যক্ষ জেলা প্রশাসনকে অবগত না করেই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত আছেন। গত ২৩ জানুয়ারি ছাত্রছাত্রীরা আমাকে বিষয়টি জানিয়েছে। ২৪ জানুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।’এসব বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস গত সোমবার মুঠোফোনে বলেন, ‘আমি ওই কলেজ থেকে বদলির জন্য তদবির করছি। ফলে কিছুদিন কর্মস্থলে যেতে পারিনি। তবে মাত্র চার দিন কলেজে গিয়েছি—এ কথা সঠিক নয়। কলেজের সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’