বরগুনা সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
অধ্যক্ষের কক্ষ, বিএনপির কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর
বরগুনা সরকারি কলেজে গতকাল রোববার ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। পরে ছাত্রলীগের একদল কর্মী কলেজের অধ্যক্ষের কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা জেলা বিএনপির কার্যালয় ও জেলা ছাত্রদলের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর করেন।জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি সামাল দিতে কলেজ ও শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী শিক্ষা বিভাগের পিকনিককে (শুক্রবার হয়েছে) কেন্দ্র করে গতকাল ক্যাম্পাসে মহিউদ্দীন ও বশির নামের দুই কর্মীর মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদে মিছিল বের করেন এবং ছাত্রদলের কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেন। তাঁরা ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আহসান হাবিবকে মারধর করেন। ঘটনা শুনে জেলা ছাত্রদলের সভাপতি রেজবুল কবির, সাধারণ সম্পাদক সফিকুজ্জামান ক্যাম্পাসে যান। তাঁরাও ক্যাম্পাসে পাল্টা মিছিল শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করার সময় একদল কর্মী ছাত্রদলের মিছিলকে ধাওয়া দেন। এ সময় তাঁরা রেজবুল কবির ও সফিকুজ্জামান মাহফুজকে লাঞ্ছিত করেন। রেজবুল কবির দৌড়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে নিজেকে রক্ষা করেন। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা অধ্যক্ষের কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ভাঙচুর চালান। পরে ছাত্রলীগের কর্মীরা শহরের কাঠপট্টি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন। এরপর শহরের শেরেবাংলা রোডে জেলা ছাত্রদলের সভাপতি রেজবুল কবিরের ব্যবসাপ্রতিষ্ঠান সোনালী ডেকোরেটরে হামলা চালিয়ে ভাঙচুর করেন।এ ঘটনার পর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরে মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সম্পাদক এস এম নজরুল ইসলাম, ছাত্রদলের রেজবুল কবির, সফিকুজ্জামান মাহফুজ প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা শুনে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ ক্যাম্পাসে গেলেও ছাত্রলীগের কর্মীরা শান্ত হননি।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ক্যাম্পাসে আমাদের এক কর্মীকে মারধর করার পর আমরা প্রতিবাদ করেছি। তবে বিএনপির দলীয় কার্যালয়ে হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। এটা তাদের দলীয় কোন্দলের কারণে হয়েছে।’ জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, ‘সারা দেশে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীলনকশা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। তারা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর, এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে।’ ওসি বাবুল আকতার গতকাল দুপুরে জানান, শহরের সর্বত্র পুলিশ পাহারায় রাখা হয়েছে। পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।ঘটনার পর জেলা প্রশাসক স্বপন কুমার সরকার, পুলিশ সুপার মাহবুব হাকিমসহ প্রশাসনের কর্মকর্তারা জেলা বিএনপির কার্যালয় ও রেজবুল কবিরের ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।