অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগ নামধারীদের ভাঙচুর
যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষের কক্ষে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নামধারী কিছু ছাত্র ভাঙচুর চালিয়েছে। এর আগে এক শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গতকাল কলেজের শিক্ষক লাউঞ্জে শিক্ষকদের বৈঠক চলাকালে ওই হামলা চালানো হয়।কলেজ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ছাত্রলীগ নামধারী এক ছাত্রের হাতে লাঞ্ছিত হন কলেজের প্রভাষক সুজন মিয়া। এ ঘটনায় ব্যবস্থা নিতে কলেজের শিক্ষক পরিষদ এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিষয়টি স্থানীয় সাংসদ খালেদুর রহমানকে জানানো হবে। এ নিয়ে আলোচনার জন্য গতকাল বেলা একটার দিকে শিক্ষক লাউঞ্জে শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন অধ্যক্ষ এস এম ইবাদুল হক। এ সময় বিষয়টি নিয়ে সাংসদ অনুসারী ছাত্রলীগের কর্মীরা বিভক্ত হয়ে যান। ছাত্রলীগের কর্মী এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রিমনের নেতৃত্বে কয়েকজন অপর পক্ষের তারেককে ধাওয়া করে। তারেক দৌড়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিপক্ষের কর্মীরা ওই কক্ষের থাই গ্লাসের দরজা ভেঙে ভেতরে ঢুকে তারেককে ছুরিকাঘাত করে। এ ছাড়া তারা অধ্যক্ষের টেবিলের কাচ ও টি-টেবিল ভাঙচুরসহ কাগজপত্র তছনছ করে। তারেক স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ইবাদুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।জানা গেছে, এর আগে গত শুক্রবার কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সুন্দরবনে যান। সেখানে ইতিহাস বিভাগের প্রভাষক সুজন মিয়া ঘোষণা দেন, যারা সফরে এসেছে, তারা টিউটোরিয়ালে বেশি নম্বর পাবে। এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শিক্ষা সফরে না যাওয়া ছাত্রলীগ নামধারী এক নেতা শনিবার সুজন মিয়ার কক্ষে তাঁকে লাঞ্ছিত করেন।