অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের ভাঙচুর
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা বিক্ষোভ ও অধ্যক্ষের কক্ষসহ তিনটি রুম ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য গত বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাসের একটি বৈঠক করেন। বৈঠকে কলেজে নির্বাচনের পরিবেশ না থাকায় নেতারা এক মাস পরে নির্বাচন করার দাবি জানান। ওই দিনই বিকেল তিনটার দিকে ছাত্রলীগের নেতা সাবেক ভিপি রিপন সরকার, আলতাফ হোসেন, ফাইজুল আলমসহ তাঁদের সমর্থিত নেতাদের নিয়ে একই বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়। সেদিন ছাত্রলীগের অপর একটি অংশের নেতা জেলা ছাত্রলীগের সভাপতি হীরা সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক ইদ্রিস আলী ওই অনুষ্ঠানে যোগ দেননি। এতে ছাত্রলীগের একটি অংশ ও সাধারণ ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীরা অধ্যক্ষের সঙ্গে তাঁর কক্ষে নির্বাচন নিয়ে অলোচনা করার একপর্যায়ে কিছু শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষসহ তিনটি অফিসে ভাঙচুর করেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক ইদ্রিস আলী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তিনি ছাত্র সংসদের নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের সাবেক ভিপি রিপন সরকার ও আলতাফ হোসেনকে ডেকে সভা করলেও ছাত্রলীগের অন্য নেতাদের ওই বৈঠকে ডাকেননি। এতে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হন। জেলা ছাত্রলীগের সভাপতি হীরা সরকার জানান, কলেজে হামলা ও ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের একটি অংশের উচ্ছৃঙ্খল কর্মীরা অফিসে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।