অধ্যক্ষের কক্ষে ঢুকে ছাত্রলীগের দুই নেতাকে জখম
গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজে অধ্যক্ষের কক্ষে ঢুকে গতকাল মঙ্গলবার দুপুরে মুখোশধারী সন্ত্রাসীরা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. ছানাউল্লাহ ও কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল দুপুরে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী লাঠিসোঁটা, দা, বল্লম ও চাপাতি নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হাসান ও ছাত্রলীগের নেতা মোবারক হোসেনকে ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে ওই দুই নেতা দৌড়ে কলেজ অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা কলেজের টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আসবাব তছনছ করে। অধ্যক্ষ ও আহত নেতাদের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত নেতাদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কলেজ ছুটি ঘোষণা করে।
খবর পেয়ে স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি আহত ছাত্রনেতাদের দেখতে হাসপাতালে ছুটে যান। এদিকে হামলার প্রতিবাদে কাপাসিয়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।