মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন ধরে ছুটিতে থাকার প্রতিবাদে কলেজের ছাত্রছাত্রীরা গতকাল বুধবার তাঁর অপসারণসহ ১২ দফা দাবিতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। এর আগে গত মঙ্গলবার শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।কলেজ ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ বলেন, অধ্যক্ষ আফতাব উদ্দিন প্রায় তিন বছর আগে কাজে যোগ দেন। অথচ আড়াই বছর তিনি ছুটিই ভোগ করেছেন। এতে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে শিক্ষার্থীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। অধ্যক্ষ কর্মস্থলে ঠিকমতো না থাকায় কলেজে বিভিন্ন উন্নয়নকাজ বন্ধ হয়ে আছে। তাই শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণসহ ১২ দফা দাবিতে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন করেছে।এ ব্যাপারে অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা আবদুর রাজ্জাক বলেন, অধ্যক্ষ অধিকাংশ সময়ই ছুটিতে থাকেন। তাই তিনি (রাজ্জাক) কখনো ভারপ্রাপ্ত, কখনো চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছেন। অধ্যক্ষ ঠিক কত দিন ছুটি কাটিয়েছেন, তা নথি দেখে বলতে হবে। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর তিনি স্বাস্থ্যগত সমস্যা দেখিয়ে এক মাসের ছুটি নিয়েছেন। যদিও এই ছুটি বর্ধিত হবে বলে তিনি (অধ্যক্ষ) জানিয়েছেন। তাই অধ্যক্ষের অপসারণ চাইছে শিক্ষার্থীরা।অধ্যক্ষ আফতাব উদ্দিন জানান, তিনি অসুস্থ হওয়ায় ছুটিতে আছেন। শারীরিক সমস্যা নিয়ে চাকরি করা সম্ভব নয়। তাই অধিকাংশ সময় তাঁকে ছুটিতে থাকতে হয়। এখন তাঁর অপসারণের দাবিতে কলেজে মিছিল, সভা, মানববন্ধন হচ্ছে। তাই অসুস্থতা নিয়েই তিনি দ্রুত কলেজে যোগদান করবেন।