অধ্যক্ষের কক্ষে তালা, উদ্বেগে ৩০০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
jamalpur
jamalpur

জামালপুরের সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া বাড়তি টাকা ফেরতের দাবিতে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। এ অবস্থায় ৩০০ পরীক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, এবারের এইচএসসি পরীক্ষার্থী ও কলেজ সূত্রে জানা যায়, পৌরসভার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজে এইচএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া যায়। শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৬০৫, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ১ হাজার ৪৮৫ টাকা নেওয়ার কথা। কিন্তু এ কলেজ কর্তৃপক্ষ বোর্ডের নির্দেশ না মেনে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা করে আদায় করছে।

অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও আদায় করা বাড়তি অর্থ ফেরত দেওয়ার দাবিতে গতকাল সকাল ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে তারা অধ্যক্ষ ইমদাদুল হকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজে পুলিশ মোতায়েন রয়েছে।

কলেজের মানবিক শাখার পরীক্ষার্থী রোকসানা বেগম বলে, ‘বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের কাছ থেকে দেড় হাজার টাকা নেওয়ার কথা থাকলেও তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না।’

মানবিক শাখার লাকী আক্তার বলে, ‘আমি তিন হাজার টাকা দিয়ে ফরম পূরণ করেছি।’
ব্যবসায় শিক্ষা শাখার ফারজানা আক্তার বলে, ‘বাড়তি টাকা ধরায় ফরম পূরণ করতে পারছি না।’

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বাবলু মিয়া বলেন, অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় ৩০০ শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এইচএসসির ফরম পূরণে বাড়তি টাকা নেওয়ায় শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।

অধ্যক্ষ ইমদাদুল হক বলেন, ‘আমার কক্ষে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়ায় ফরম পূরণ বন্ধ রয়েছে। এ অবস্থায় ৩০০ শিক্ষার্থীর ফরম পূরণ নিয়ে চিন্তায় আছি।’ তিনি আরও বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বেশি টাকা আদায় করা হচ্ছে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ বলেন, ‘অধ্যক্ষের কক্ষে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে বলে শুনেছি। শিক্ষার্থীরা যাতে ঠিক সময়ের মধে ফরম পূরণ করতে পারে, সে জন্য দু-এক দিনের মধ্যে এ সমস্যার মীমাংসা করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, ‘পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ায় শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার কথা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’