নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে জঙ্গি মদদ ও নানা অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয় ও বাসভবনে তালা দেয় কলেজ শাখা ছাত্রলীগ। এ ছাড়া অধ্যক্ষের অপসারণের দাবিতে ছাত্রলীগ প্রচারপত্র বিলি এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কলেজ শাখা ছাত্রলীগ সূত্রের বিবরণ অনুযায়ী, অধ্যক্ষ মাহবুবুর শহরে পুলিশের ওপর হামলা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে জঙ্গিবাদের মদদ দিচ্ছেন। তিনি ১৬ নভেম্বর সুনেত্র গ্যাসক্ষেত্র এলাকার গাবী গ্রামে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন। ১৮ নভেম্বর তাঁর মদদে কলেজে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে ছাত্রশিবিরের কর্মী নজরুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বাসায় প্রায় রাতেই অপরিচিত লোকজন নিয়ে গোপন বৈঠক করেন। এ ছাড়া কলেজ পরিচালনায় তিনি আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। ছাত্র সংসদ ভবন মেরামত বাবদ ১০ লাখ এবং বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন। জামায়াতের এক প্রতিষ্ঠানকে কলেজের মাঠ ব্যবহারের সুযোগ দিচ্ছেন।এসব অভিযোগে ছাত্রলীগ গতকাল সারা দিনই কলেজে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম অধ্যক্ষের কার্যালয় ও বাসভবনে তালা লাগানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘অধ্যক্ষের অপসারণ ও শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’এ ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মাহবুবুর রহমান ভূঁইয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য কলেজে গিয়ে কর্তৃপক্ষ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নজরদারি করা হচ্ছে।’